কুয়েতে হামলায় মার্কিন হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত: তাসনিম
ইরানের হামলায় কুয়েতে একটি মার্কিন সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইসলামিক বিপ্লবী গার্ডস কর্পস (আইআরজিসি)।
ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম গতকাল শুক্রবার এ তথ্য জানায়। সংস্থাটি ঘটনাস্থলের কয়েকটি ছবিও প্রকাশ করেছে, যা তারা ঘটনার প্রমাণ হিসেবে তুলে ধরেছে।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
শুক্রবার রাতে এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট একই দিনে একটি যুদ্ধবিমান এবং পাঁচটি মানববিহীন আকাশযান ভূপাতিত করেছে। এটিকে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমানবাহিনীর জন্য ‘অন্ধকার দিন’ হিসেবে উল্লেখ করে।
তবে ইরান নাকি দেশটির মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে কিছু বলেনি তাসনিম।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরানও পাল্টা অভিযান চালাচ্ছে। এতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি অবস্থানকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে দাবি করা হয়েছে।