ইরানের সঙ্গে বৈঠক করতে কাল পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল: ট্রাম্প
ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় অংশ নিতে আগামীকাল সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পাকিস্তান যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ তথ্য জানান।
তবে ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া এ বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কারা অংশ নেবেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি ট্রাম্প।
প্রথম দফার আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
আল জাজিরা জানায়, দ্বিতীয় দফা আলোচনার বিষয়ে হোয়াইট হাউস বা ভাইস প্রেসিডেন্টের কার্যালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
একই পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, গতকাল হরমুজ প্রণালিতে গুলি চালিয়ে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তি মেনে না নেয়, তবে দেশটির বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে।
ট্রাম্প লিখেছেন, 'তারা (ইরান) যদি এটি না করে, তবে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও প্রতিটি সেতু গুঁড়িয়ে দেবে।'
