পাকিস্তানে আজ ইরানের সঙ্গে চুক্তি সই হতে পারে: ট্রাম্প
পাকিস্তানে আজই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি চুক্তি সই হতে পারে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি চুক্তি সইয়ের কথা বলেন। এর আগে নিউইয়র্ক পোস্টকে দেওয়া আরেক সাক্ষাৎকারেও তিনি একই কথা বলেন।
ট্রাম্প জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল ইসলামাবাদের পথে রয়েছে এবং কয়েক ঘণ্টার মধ্যেই তারা সেখানে পৌঁছাবে। ওই দলে স্টিভ উইটকফ, জ্যারেড কুশনারসহ আরও সদস্য রয়েছেন।
তিনি বলেন, আলোচনায় অগ্রগতি হলে তিনি নিজেও ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে চান।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা করতে যাচ্ছে এবং এই পর্যায়ে তার মনে হচ্ছে, কোনো পক্ষই বিষয়টি নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করছে না।
তিনি বলেন, এই আলোচনার মূল শর্ত একটিই—ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র রাখার পরিকল্পনা পরিত্যাগ করতে হবে।