পর্বতেই হারিয়ে গেলেন পর্বতের মানুষটি

স্টার অনলাইন ডেস্ক

বিখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা পাকিস্তানের ব্রড পিকে তুষারধসে নিহত হয়েছেন। পৃথিবীর ১৪টি আট হাজার মিটারের বেশি উচ্চতার পর্বত মাত্র ছয় মাসে আরোহণ করে পর্বতারোহণের ইতিহাসে আলোড়ন তুলেছিলেন তিনি।

পর্বতারোহণ নির্দেশিকা প্রতিষ্ঠান এলিট এক্সপেডিশনের বরাতে আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছে নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। নেপালে জন্ম নেওয়া নির্মল পুরজা দেশটির বিশেষ বাহিনীর সদস্যও ছিলেন।

এলিট এক্সপেডিশনের বিবৃতিতে বলা হয়, ‘গভীর শোক ও অপার বেদনার সঙ্গে আমরা নিশ্চিত করছি যে ব্রড পিকে তুষারধসের পর নির্মল পুরজা মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। আমরা আরও নিশ্চিত হয়েছি যে অভিযানের অন্য সদস্যরাও বেঁচে নেই।’

চলতি বছরের ৩০ জুলাই একটি অভিযানের অংশ হিসেব পাকিস্তানের ব্রড পিকে ছিলেন পুরজা। সে সময় তুষারধসে আটকা পড়ে তার দল।

ছবি: ফেসবুক/নির্মল পুরজা

পাকিস্তানের পর্বতারোহণ কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর থেকে দলটির সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

নেপালের প্রতিনিধি পরিষদের সদস্য এবং পুরজার ব্যবসায়িক অংশীদার মিংমা গিয়াবু শেরপা কাঠমান্ডু পোস্টকে বলেন, তুষারধসের পর ট্র্যাকিং ডেটায় দেখা গেছে, প্রথমে পুরজার অবস্থান নিচের দিকে সরে গেছে। এরপর সংকেত বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত অবস্থান আবার পরিবর্তিত হয়েছে।

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়, নেপাল এবং আন্তর্জাতিক পর্বতারোহণ মহলে ‘নিমস দাই’ নামে পরিচিত পুরজা ২০১৯ সালে ‘প্রজেক্ট পসিবল’ সম্পন্ন করার পর আধুনিক পর্বতারোহণের সবচেয়ে পরিচিত মুখগুলোর একজন হয়ে ওঠেন।

ছবি: ফেসবুক/নির্মল পুরজা

এই প্রকল্পের লক্ষ্য ছিল সাত মাসের মধ্যে বিশ্বের ১৪টি আট হাজার মিটারের বেশি উচ্চতার সব পর্বত আরোহণ করা। তিনি সেই লক্ষ্য পূরণ করেন মাত্র ছয় মাস ছয় দিনে। সাত বছরেরও বেশি ব্যবধানে আগের রেকর্ডটি ভেঙে যায়।

পুরজা তার ক্যারিয়ারের বড় একটি অংশ কাটিয়েছেন মানুষের সহ্যক্ষমতার সর্বোচ্চ সীমা পরীক্ষা করতে। তার বিশ্বাস ছিল, দৃঢ় সংকল্প থাকলে অসম্ভব বলে কিছু নেই।

২০১৯ সালে দ্য কাঠমান্ডু পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘শারীরিক সক্ষমতার দিক থেকে আমি ভাগ্যবান। তবে পৃথিবীর সেরা ইউনিটের কাছ থেকে প্রশিক্ষণও পেয়েছি।’

ছবি: ফেসবুক/নির্মল পুরজা

সামরিক প্রশিক্ষণের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এর সঙ্গে ইতিবাচক মানসিকতা যোগ হলে আপনি যেকোনো কিছু করতে পারবেন।’

১৯৮৩ সালের ২৫ জুলাই নেপালের মিয়াগদি জেলার দানা গ্রামে জন্মগ্রহণ করেন পুরজা।