শ্রমিক দিবসের ছুটিতে যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম হতে পারে সর্বোচ্চ
ইরান যুদ্ধের কারণে জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে আসন্ন শ্রমিক দিবসের (লেবার ডে) ছুটিতে পেট্রোলের দাম গ্যালনপ্রতি ৪ ডলার ছাড়িয়ে যেতে পারে।
জ্বালানি দামের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান গ্যাসবাডির পূর্বাভাস অনুযায়ী, সোমবার লেবার ডেতে যুক্তরাষ্ট্রে পেট্রোলের গড় দাম গ্যালনপ্রতি ৪ দশমিক ০৩ ডলারে উঠতে পারে। এটি হবে দেশটিতে লেবার ডের ছুটিতে পেট্রোলের সর্বোচ্চ গড় দাম। এর আগে ২০১২ সালে গ্যালনপ্রতি ৩ দশমিক ৮৩ ডলার ছিল সর্বোচ্চ।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লেবার ডে যুক্তরাষ্ট্রের একটি সরকারি ছুটির দিন। দেশটির শ্রমিক আন্দোলনের ইতিহাস স্মরণে প্রতিবছর দিনটি পালিত হয়। দীর্ঘ ছুটির সুযোগে এ সময় অনেক মার্কিন নাগরিক ভ্রমণে বের হন। ফলে পেট্রোলের বাড়তি দাম এবার সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে।
গ্যাসবাডির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে পেট্রোলের গড় দাম ছিল গ্যালনপ্রতি প্রায় ৪ দশমিক ১৩ ডলার। এক বছর আগের চেয়ে এ দাম প্রায় ১ ডলার বেশি।
জ্বালানি বিশ্লেষকেরা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, গ্যালনপ্রতি ৪ ডলারের দামটি মার্কিন ভোক্তাদের জন্য একটি বড় ধরনের চাপের সীমা হিসেবে বিবেচিত হচ্ছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত সপ্তম মাসে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জ্বালানির বাড়তি দামও মার্কিন প্রশাসনের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
জ্বালানির দাম বাড়তে থাকায় সাধারণ মার্কিন নাগরিকদের জীবনযাত্রার ব্যয়ও বাড়ছে। আর লেবার ডের দীর্ঘ ছুটিতে দেশজুড়ে ভ্রমণ বাড়ায় পেট্রোলের এই বাড়তি দাম সরাসরি ভোক্তাদের ব্যয়ের ওপর প্রভাব ফেলতে পারে।