ইসরায়েলি সেনা পাহারায় উগ্রবাদী ইহুদিদের আল-আকসায় প্রবেশ

স্টার অনলাইন ডেস্ক

ভারী নিরাপত্তার মধ্যে ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের একটি দল। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফার বরাতে আল-জাজিরা ও তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সেনাদের পাহারায় বসতি স্থাপনকারীরা আল-মাগারিবা গেট দিয়ে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। পরে তারা প্রাঙ্গণের বিভিন্ন অংশে ঘোরাফেরা করার পাশাপাশি সেখানে প্রার্থনা ও ধর্মীয় আচার পালন করে।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, এসময় ১৬৯ জন ইসরায়েলি বসতি স্থাপনকারী আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে। তাদের ইসরায়েলি বাহিনী কঠোর নিরাপত্তা দিয়ে সেখানে নিয়ে যায়। প্রাঙ্গণের ভেতরে তারা তালমুদি প্রার্থনার আচার পালন করে বলেও ওয়াফার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে উগ্র বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো তাদের সমর্থকদের আল-আকসায় ব্যাপকভাবে প্রবেশের আহ্বান জানিয়েছিল। ইহুদি নববর্ষ উদযাপনের অজুহাতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়।

১৯৬৭ সালের স্থিতাবস্থা চুক্তি

আল-আকসা মসজিদ প্রাঙ্গণ মুসলিম, খ্রিষ্টান ও ইহুদি—তিন ধর্মের কাছেই পবিত্র স্থান হিসেবে বিবেচিত। তবে ১৯৬৭ সাল থেকে চলে আসা একটি ‘স্ট্যাটাস কো’ বা স্থিতাবস্থা ব্যবস্থার অধীনে অমুসলিমদের প্রাঙ্গণটি পরিদর্শনের অনুমতি থাকলেও সেখানে প্রার্থনা করার অনুমতি নেই।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও বিভিন্ন মুসলিম সংগঠন আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের এ ধরনের প্রবেশকে দীর্ঘদিন ধরে ওই স্থিতাবস্থা ব্যবস্থার লঙ্ঘন হিসেবে দেখছে।

ইসরায়েলি বাহিনীর কঠোর নিরাপত্তায় ১৬৯ জন ইসরায়েলি বসতি স্থাপনকারীর একটি দল আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে তালমুদি প্রার্থনার আচার পালন করছেন। ছবি: এক্স থেকে নেওয়া

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের এমন প্রবেশের ঘটনায় আগেও ব্যাপক সমালোচনা হয়েছে। বিশেষ করে ধর্মীয় উৎসব ও ইহুদি ছুটির দিনগুলোতে আল-আকসায় বসতি স্থাপনকারীদের উপস্থিতি বেড়ে যায় বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ।

ফিলিস্তিনিদের চলাচলে বিধিনিষেধ

এদিকে ইহুদি ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে ইসরায়েলি কর্তৃপক্ষ অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের চলাচলের ওপরও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বলে জানিয়েছে ওয়াফা।

বিভিন্ন সড়ক বন্ধ করে দেওয়া এবং ফিলিস্তিনিদের চলাচলে বাধা দেওয়ার কারণে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়ছে আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশ ও ইবাদতেও।

এমন পরিস্থিতির মধ্যেই বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো আল-আকসায় ব্যাপকভাবে প্রবেশের জন্য সমর্থকদের আহ্বান জানিয়েছে। ফলে পবিত্র স্থানটির নিয়ন্ত্রণ ও সেখানে প্রবেশ এবং ইবাদতের অধিকার নিয়ে দীর্ঘদিনের উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।