স্ত্রীর মৃত্যুর পর মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি
সাত দশকের জীবনসঙ্গীর মৃত্যুর পর হাসপাতালে ভর্তি করা হয়েছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে।
গত সোমবার মাহাথির মোহাম্মদের শতবর্ষী স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ১০০ বছর। এরপর মঙ্গলবার রাতে ১০১ বছর বয়সী মাহাথিরকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
মাহাথির মোহাম্মদের সহকারী সুফি ইউসুফ বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। তবে ঠিক কী কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
সুফি ইউসুফ জানান, স্ত্রীর মৃত্যুর পর থেকে মাহাথির মোহাম্মদ পর্যাপ্ত বিশ্রাম পাননি এবং তিনি ক্লান্ত ছিলেন। বুধবার এক হোয়াটসঅ্যাপ বার্তায় সুফি বলেন, ‘তার (মাহাথিরের) অবস্থা এখন স্থিতিশীল। মানসিক চাপ, গরম আবহাওয়া এবং বিশ্রামের অভাবে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। একজন ১০১ বছর বয়সীর জন্য এই পরিস্থিতি মোটেও ভালো কিছু নয়।’
মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ পেশায় চিকিৎসক ছিলেন। তিনি জনস্বাস্থ্য নিয়ে কাজ করতেন। এই দম্পতির সাত সন্তান রয়েছে।
উল্লেখ্য, শতবর্ষী মাহাথির সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে হৃদরোগজনিত সমস্যার কারণে তার বাইপাস সার্জারি করা হয়েছিল। গত জানুয়ারিতেও পড়ে গিয়ে হাড় ভেঙে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
মালয়েশিয়ার সবচেয়ে প্রবীণ এই নেতা দুবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। প্রথম মেয়াদে ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং দ্বিতীয় মেয়াদে ৯২ বছর বয়সে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।