বসন্তে কী ধরনের শাড়ি মানানসই?

বসন্তের ফ্যাশনে থাকতে পারে ফ্লোরাল ও বোল্ড প্রিন্ট শাড়ি
সাবরিনা এন ভূঁইয়া

শাড়ির গল্পের শুরু বা শেষ কোথায়—এ নিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তর দেওয়াটা বেশ কঠিনই হয়ে পড়বে। বাঙালি নারী মাত্রই শাড়ি যেন শুধু একটি পোশাক নয়, বরং এটি একটি আবেগ এবং এক ধরনের ভালো লাগার অনুভূতি, যা তিনি তার অন্তরে ধারণ ও লালন করেন। বসন্ত এলে যেন সেই ভালো লাগার নৌকা পাল তোলার মতো বুক ফুলিয়ে যাত্রা শুরু করে। নারীর সঙ্গে শাড়ির গল্পটা যেন এক চির অমলিন প্রেমের গল্প!

বাংলার এই ধরণীতে বসন্তকাল যেন তার রূপের ডালা সাজিয়ে হাজির হয়। চারদিকে সবুজ পাতা আর নানা রঙের ফুলে প্রকৃতি বর্ণিল হয়ে ওঠে। এই হরেক রঙের ফুলের ঘ্রাণে বাতাসও যেন স্নিগ্ধ হয়ে ওঠে। এ সময়ের আবহাওয়াটা থাকে দারুণ; শীতের প্রকোপ অনেকটা কমে যায়, না ঠান্ডা না গরম। এমন আবহাওয়ায় শরীর থাকে প্রশান্ত, মনে জাগে উদ্দীপনা, আর নতুন আশার সঞ্চার হয়। এ সময়টাতে শীত যাই যাই করে আর গাছে গাছে নতুন কুঁড়ি যেন বসন্তের আগমনী বার্তা দেয়।

Floral Sharee
ছবি: আদনান রহমান

বছরের এমন সুন্দর মুহূর্ত উদযাপনের জন্য চমৎকার একটি রঙিন শাড়ি পরে নতুন ঋতুর আগমনকে আনন্দের সঙ্গে স্বাগত জানানোর চেয়ে দারুণ কিছু আর কি হতে পারে? শীতকে বিদায় জানিয়ে বসন্তকে বরণ করাটা যেন এক উৎসবের মতো। বসন্ত বরণের মাধ্যমে আমরা তারুণ্য, সজীবতা ও নতুন সম্ভাবনাকে আলিঙ্গন করি।

ফ্যাশন জগতের প্রখ্যাত চরিত্র মিরান্ডা প্রিস্টলি তার আইকনিক মন্তব্যের জন্য বিশেষভাবে পরিচিত। খানিকটা ব্যঙ্গ করে তিনি বলেছিলেন, ‘বসন্তের জন্য ফ্লোরাল প্রিন্ট? এ আবার নতুন কী!’। বসন্তকাল তো নানা রঙিন ফুলের ঋতু। তাই এই বাহারি ফুলের রং, রূপ ও বিভিন্ন আকার-আকৃতি থেকে অনুপ্রাণিত হওয়াটা খুবই স্বাভাবিক একটি বিষয়।

যেকোনো ফ্লোরাল প্রিন্টই দেখতে দারুণ লাগে। বড় আকৃতির ফুলের প্রিন্টগুলো বেশ নজরকাড়া এবং ভিড়ের মাঝেও আপনাকে আলাদা করে তোলে। মাঝারি আকারের ফ্লোরাল প্রিন্টগুলো প্রতিদিনের ব্যবহারের জন্য খুবই মানানসই। আর ছোট ছোট প্রিন্টগুলো চোখে আনে এক ধরনের কোমল প্রশান্তি। ব্যক্তির পছন্দ ও রুচি ভেদে প্রতিটি ফ্লোরাল প্রিন্টই বসন্তকালের জন্য একেবারে উপযুক্ত।

ছবি: আদনান রহমান

এ বছর কনট্রাস্ট শেডের শাড়িগুলোই বেশি জনপ্রিয়। তাই শাড়ি বেছে নেওয়ার ক্ষেত্রে উজ্জ্বল রঙগুলোকেই প্রাধান্য দিতে পারেন। গোলাপি, লাল বা কমলা রঙের সঙ্গে সাদা, টিয়া সবুজ কিংবা হলুদের কনট্রাস্ট দেখতে বেশ আকর্ষণীয় লাগে। নিজের পছন্দ অনুযায়ী বেছে নিন মানানসই একটি সুন্দর শাড়ি, যা আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলবে।

শুধু ফ্লোরাল প্রিন্টই নয়, এর পাশাপাশি অন্যান্য প্রিন্টও এখন নারীদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। বিভিন্ন জ্যামিতিক আকার ও প্যাটার্নের প্রিন্ট দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি বসন্তের জন্যও বেশ মানানসই।

যেহেতু এখন কনট্রাস্টের ট্রেন্ড চলছে, তাই সময়ের সঙ্গে তাল মেলাতে উজ্জ্বল রঙগুলো বেছে নিতে পারেন। টিয়া সবুজ রঙের একটি শাড়ির ওপর গোলাপি প্রিন্ট বেশ চমৎকার দেখাবে। আর তার সঙ্গে যদি থাকে কনট্রাস্ট পাড়, তাহলে তো কথাই নেই!

Floral Sharee
ছবি: আদনান রহমান

এতক্ষণ তো শাড়ির কথাই হলো। শাড়ির সঙ্গে মানানসই একটি সুন্দর ব্লাউজ না থাকলে পুরো সাজটাই যেন অপূর্ণ থেকে যায়। তাই সাজে একটু নতুনত্ব আনতে মসলিন বা টিউল শাড়ির সঙ্গে স্ট্রাইপ প্রিন্টের ব্লাউজ পরা যেতে পারে।

এছাড়া পোলকা ডট প্রিন্টও এখন বেশ জনপ্রিয়। তাই সলিড রঙের শাড়ির সঙ্গে এই প্রিন্টের একটি ব্লাউজ দারুণ মানাবে।

বসন্তে বর্ণিল রঙ আর ভিন্নধর্মী স্টাইলে হয়ে উঠুন অনন্যা!

মডেল: মাইশা রহমান
স্টাইলিং অ্যান্ড ফ্যাশন ডিরেকশন: সোনিয়া ইয়াসমিন ইশা
ওয়্যারড্রোব: শাহরুখ আমিন
মেকওভার: মেহেদী হাসান কাজল

অনুবাদ করেছেন শবনম জাবীন চৌধুরী