কোরবানি ঈদে ফ্রিজের যথাযথ ব্যবহারের ধাপগুলো জেনে নিন

নুসরাত জাহান

ঘনিয়ে আসছে কোরবানির ঈদ। এর সঙ্গে আসছে আরও কিছু ব্যাপার। মাংস ভাগাভাগি এবং মাংসের নানা পদের রান্নার পাশাপাশি আমাদের পরিবারগুলো এই সময়ে অজান্তেই আরেকটি বিষয়ে চাপে পড়ে, সেটি হলো—ফ্রিজ আতঙ্ক!

বিপুল পরিমাণ তাজা মাংস সামলাতে ফ্রিজে পর্যাপ্ত জায়গা থাকা এবং সঠিক তাপমাত্রায় ঠান্ডা হওয়া প্রয়োজন। তবুও আমরা আত্মবিশ্বাসের সঙ্গে ‘কোনোভাবে ঠিক সব এঁটে যাবে’—এই যুক্তিতেই চলতে থাকি। এই ভাবনা যেন কোরবানি ঈদের জাতীয় ঐতিহ্যে পরিণত হয়েছে।

অথচ, পরিকল্পনাটা খুবই সহজ—ঈদের কয়েক দিন আগে থেকেই ফ্রিজ খালি করতে হবে। এর অর্থ হলো আধখাওয়া আইসক্রিমের বক্স, ফ্রোজেন পরোটা, আর সেই রহস্যময় বক্স, যা ফ্রিজে থাকতে থাকতে এখন দেখতে বরফখণ্ডের মতো লাগে—এগুলো সব বের করে ফেলতে হবে। কিন্তু যতই ভাবনা আসুক না কেন, বাস্তবে এই প্রস্তুতি আমরা নেওয়া শুরু করি ঠিক ঈদের আগের রাতেই!

কিন্তু অন্তত এক-দুই দিন আগে ফ্রিজ পরিষ্কার করে ফেলা উচিত। আগে থেকেই ফ্রিজের তাপমাত্রা কমিয়ে দিলে আরও ঠান্ডা আবহ তৈরি হয়। ফলে ফ্রিজে রাখার পর মাংস দ্রুত ও নিরাপদে জমে যায়। অন্যথায়, অতিরিক্ত ঠাসাঠাসি করে জিনিস রাখলে তা ফ্রিজের ক্যাপাসিটির বাইরে চলে যায়।

এরপর আসে বিশৃঙ্খলার দ্বিতীয় ধাপ: তাড়াহুড়ো করে প্যাকেট করা!

মাংস বণ্টন, অতিথি, ফোনকল এবং ঈদের সার্বিক ব্যস্ততার ভিড়ে প্যাকেটগুলো প্রায়ই ফ্রিজের যেখানে একটু জায়গা পাওয়া যায় সেখানেই ঢুকিয়ে দেওয়া হয়। হয়তো ছোট প্যাকেটগুলোর ওপর রেখে দেওয়া হয় বড়গুলো। এতে চাপে থেকে হয়তো হাড় মিশে যায় মাংসের টুকরোর সঙ্গে। কেউ আবার হয়তো কিমা মাংস রেখে দিলো কলিজার পাশে।

তারপর? কোথায় কী রাখা হয়েছে, তা আর কেউ মনে রাখতে পারে না।

তৃতীয় দিনের মধ্যে আমরা এক অদ্ভুত অনুমানের খেলায় মেতে উঠি—‘খুলে দেখা যাক কোনটা কী’।

এখানেই শৃঙ্খলভাবে রাখার গুরুত্ব বোঝা যায়। কোন প্যাকেটে কী আকারের বা কাজের জন্য মাংস রাখা, কোনটায় শুধু মাংস আর কোনটা হাড়সহ—এভাবে আলাদা করে ফ্রিজে রাখা ভালো। একইসঙ্গে প্যাকেটের ওপরে লিখে রাখতে পরে খুঁজে পেতে আরও সহজ হয়। ঈদের সময়ের ব্যস্ততায় এটি একটু কঠিন মনে হলে ভবিষ্যতে আপনি নিজেই নিজেকেই ধন্যবাদ দেবেন এই কাজের জন্য। ‘নেহারি’, ‘কিমা’ কিংবা ‘বোনলেস’—প্যাকেটের ওপরে থাকা এমন সহজ লেখা সময়ও বাঁচায়, বিভ্রান্তিতেও পড়তে হয় না।

কারণ কালা ভুনা রান্না করবেন বলে হয়তো একটি প্যাকেট ফ্রিজ থেকে নামিয়ে বরফ গলার জন্য অপেক্ষা করলেন। কিন্তু গলার পর দেখলেন এটি স্যুপের জন্য রাখা হাড়ের প্যাকেট। ধৈর্যের এর চেয়ে বড় পরীক্ষা বোধ হয় আর হতে পারে না!

Beef
ছবি: আনস্প্ল্যাশ

আরেকটি বড় সমস্যা দেখা দেয় যখন ফ্রিজে অতিরিক্ত ঠাসাঠাসি করে প্যাকেটগুলো রাখা হয়। ঠান্ডা বাতাসের জন্য প্যাকেটগুলোর চারপাশে সমানভাবে চলাচলের জায়গা দরকার। যখন সবকিছু কোনো ফাঁক ছাড়াই একসঙ্গে গাদাগাদি করে রাখা হয়, তখন কিছু অংশ ঠিকমতো জমে, আবার কিছু অংশ দীর্ঘ সময় আংশিক গলানো অবস্থায় থাকে। এতে প্রায়ই লিকেজ হয় বা সেই রক্তপানি ধীরে ধীরে ট্রের নিচে গড়িয়ে পড়ে।

আর যদি সেই গন্ধ স্থায়ী হয়, তাহলে আপনার রান্নাঘরে কাজ করার পুরো ব্যাপারটিই অস্বস্তিকর হয়ে পড়ে।

বেশি ঠাসাঠাসি করে জিনিস রাখলে তা ফ্রিজের কুলিং সিস্টেমের ওপরও অতিরিক্ত চাপ সৃষ্টি করে। যদিও সেই কারণে রাতারাতি ফ্রিজ ‘নষ্ট’ হয়ে যায় না, তবে এতে ফ্রিজের ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং আয়ুষ্কালে এর প্রভাব পড়ে। পুরোনো ফ্রিজগুলো বিশেষ করে ঈদের সময় বেশি সমস্যায় পড়ে, যখন হঠাৎ করেই সেগুলোকে শিল্পকারখানার কোল্ড স্টোরেজের মতো করে ব্যবহার করতে চাওয়া হয়।

আরও কার্যকর উপায় হলো সম্ভব হলে মাংস ধীরে ধীরে জমিয়ে রাখা। সমতল প্যাকেজিংও এতে সহায়ক। বড় গোলাকার ব্যাগে গুঁজে না রেখে ভাগ করে রাখলে প্যাকেটগুলো সুন্দরভাবে স্তূপাকারে রাখা যায়। এতে মাংস দ্রুত ও সমানভাবে জমে।

প্যাকেজিংয়ের প্রসঙ্গে বলতে গেলে, কিছু পাতলা প্লাস্টিক ব্যাগ—বিশেষ করে বাজারের খুবই নরম ব্যাগগুলো—সরাসরি বরফের লেয়ার বা ফ্রিজে লেগে জমে যায়। ফলে কেউ যখন এগুলো টেনে বের করতে যায়, তখন প্যাকেট ছিঁড়ে যায়।

সবচেয়ে নিরাপদ সমাধান হলো অতিরিক্ত পাতলা ব্যাগ পুরোপুরি এড়িয়ে চলা। মোটা ও ফ্রিজের উপযোগী প্যাকেট বা জিপ-লক ব্যাগ ব্যবহার করলে লেগে যাওয়া ও লিকেজ রোধ করা যায়। প্যাকেট সাজানোর আগে নিচে ট্রে, খবরের কাগজ বা প্লাস্টিক শিট বিছিয়ে রাখলে পরে বের করাও সহজ হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সদ্য প্যাক করা গরম মাংস সরাসরি বরফশীতল ফ্রিজের দেয়ালের সঙ্গে না রাখা—যদি না লক্ষ্য থাকে তিন দিন পর সকাল ৭টায় শারীরিক শ্রমের মাধ্যমে সেটা বের করা!

প্রায়ই ব্যবহৃত হবে—এমন মাংসের প্যাকেটগুলো সামনে রাখাও বেশ সহায়ক।

অবশ্য, এতসব পরিকল্পনা সত্ত্বেও কিছুটা চ্যালেঞ্জ অনিবার্য। কারণ কেউ না কেউ একটি প্যাকেট বাইরে ফেলে রাখবেই। কেউ না কেউ জোর করে বলবেই যে ‘আরও জায়গা আছে’, যদিও বাস্তবে নেই। আর কোনোভাবে, প্রতিটি পরিবারেই যেন এমন একজন থাকেন, যিনি প্রতি পাঁচ মিনিট পরপর ফ্রিজ খুলে ‘চেক’ করেন। হয়তো এটাও এই উৎসবেরই একটি আকর্ষণ?

তবুও, একটু সঠিক পরিকল্পনা কাজগুলো অনেক সহজ করে দিতে পারে। কারণ উৎসব শেষ হলে কেউই পুরো সপ্তাহ ফ্রিজের নিচে জমে থাকা রক্তপানি পরিষ্কার করতে কিংবা অচেনা মাংসের প্যাকেট শনাক্ত করতে চায় না।

তাই, ঈদকে সামনে রেখে প্রস্তুতি নেওয়ার সময় এখনই। এই ছোট ছোট পরিকল্পনা ও সেগুলো বাস্তবায়নের মাধ্যমে নিজেকেই একটু স্বস্তি দিতে পারবেন।