৮ দিন বন্ধ থাকার পর খুলেছে সাজেক ভ্যালি

নিজস্ব সংবাদদাতা, রাঙামাটি

প্রতিকূল আবহাওয়া ও বন্যার কারণে রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র ৮ দিন বন্ধ থাকার পর উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

বুধবার বিকালে রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ৭ জুলাই জরুরি গণবিজ্ঞপ্তিতে জারিকৃত নির্দেশনা পরিবর্তনক্রমে সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সকল পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণে উন্মুক্ত করা হলো।

তবে চলতি মৌসুমে এ জেলায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, ‘জেলা প্রশাসন সাজেক ভ্রমণ উন্মুক্ত করে দিয়েছে। বৃহস্পতিবার থেকে সাজেক ভ্রমণ করা যাবে৷’

এর আগে, পর্যটকদের নিরাপত্তা ও ঝুঁকি বিবেচনায় ৭ জুলাই সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।