যাত্রাবাড়ীতে উল্টো পথে ট্রাক এসে চাপা দেয় অটোরিকশাকে, নিহত ২

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ও রিকশার যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে রিকশাচালকের নাম জানা গেছে। তিনি হলেন, ফিরোজ আহমেদ (৫০)। তবে যাত্রীর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। ধারণা করা হচ্ছে, তার বয়স আনুমানিক ৫৫ বছর।

আজ শনিবার সকালে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোররাত ২টার দিকে পথচারীরা ওই দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এসেছিলেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এর আগে রাত ১টার দিকে মীর হাজারীবাগ কাঁচাবাজার এলাকায় ট্রাকচাপায় তারা গুরুতর আহত হন।

তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারীদের একজন মো. খাইরুল। তিনি এই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী। খাইরুল জানান, দুর্ঘটনার সময় তিনি কাঁচাবাজারের পাশে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন।

‘হঠাৎ দেখলাম উল্টো পথ দিয়ে একটি ট্রাক বেপরোয়া গতিতে চালিয়ে যাচ্ছে। এর আনুমানিক ৩০ সেকেন্ড পরই সামনে গিয়ে চালক একটি অটোরিকশার ওপর ট্রাক উঠিয়ে দেয়। আমরা দৌড়ে গিয়ে ট্রাকের নিচ থেকে দুজনকে বের করি, আর চালককে আটক করি,’ বলেন তিনি।

খাইরুলের ভাষ্য, বেপরোয়া গতিতে ট্রাক চালানোর কারণ জানতে চাইলে ওই চালক বলেন, যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকায় আরেকটি ট্রাকের সঙ্গে তার ট্রাকের ধাক্কা লেগেছিল। সেই ট্রাকচালককে ধরতে তিনি উল্টো পথে দ্রুত যাচ্ছিলেন।

মোহাম্মদ রাজু আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’

এই পুলিশ কর্মকর্তা জানান, ট্রাকচালক পুলিশ হেফাজতে রয়েছে এবং ট্রাকটি জব্দ করেছে।