পঞ্চগড় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৬
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আল আমিন নামে সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
আজ শনিবার সকালে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গোপাল চন্দ্র রায় জানিয়েছেন, আহত ছয়জনকে তাদের হাসপাতালে নেওয়া হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সেলিম মালিক জানান, আল আমিন ওই উপজেলার মালিকদহ শিকদারপাড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে। সে স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার নুরানী বিভাগের শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘গত রাতে পৌরসভার পায়রা চত্বরে একটি ট্রাক্টর ব্যাটারিচালিত ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।’
অন্যদিকে গতকাল বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে ইজিবাইক উল্টে চাপা পড়ে রোহান নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোহান ওই গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, শিশুটি বাড়ির সামনে রাখা তার বাবার ইজিবাইকে বসে খেলছিল। হঠাৎ ইজিবাইক উল্টে গিয়ে সে নিচে চাপা পড়ে। ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।