কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জে একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার দুপুরে কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাঁচজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উদ্ধার হওয়া মরদেহগুলো এতটাই পুড়ে গেছে যে নিহতরা নারী নাকি পুরুষ, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। ভেতরে আরও কেউ আটকে আছেন কি না জানতে ফায়ার সার্ভিস তল্লাশি চালাচ্ছে।
ফায়ার সার্ভিস জানায়, এদিন দুপুর ১টা ১১ মিনিটে কারখানায় আগুন লাগার খবর পায় নিয়ন্ত্রণকক্ষ। ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।