ব্রাহ্মণবাড়িয়ায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কের নারুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নবীনগর উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে মো. রাব্বি (৩২) ও শ্রীরামপুরের মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২৬)। তারা নবীনগর উপজেলা ছাত্রদলের কর্মী ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নরুই সেতুর সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ আরোহী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী দ্য ডেইলি স্টারকে বলেন, নিহত রাব্বি ও মাহিম ছাত্রদলের কর্মী ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মো. সিফাত ডেইলি স্টারকে বলেন, মৃত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়। আহতদের ভর্তি করা হয়েছে।