মুক্তাগাছায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৪ জনের মৃত্যু
ময়মনসিংহের মুক্তাগাছায় বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ চারজন নিহত হয়েছেন।
আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মনতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামালপুরের নান্দিনা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে মনতলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় ও ঘটনাস্থলেই তিন নারী যাত্রী প্রাণ হারান।
দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ আরও দুজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বর্তমানে আহত অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি সড়কের ওপর উল্টে থাকায় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি সড়ক থেকে সরানোর জন্য ময়মনসিংহ থেকে ক্রেন আনা হচ্ছে। পুলিশ নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত (দুপুর ২টা), ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।