জামালপুরে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূ নিহত
জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত হয়েছেন।
আজ শনিবার ভোর ৬টার দিকে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—নিলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তার পুত্রবধূ ফরিদা বেগম (৪০)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সড়কের পাশেই বাড়ি তাদের। ভোরে ঘুম থেকে উঠে শাশুড়ি ও পুত্রবধূ ঘরের সামনে সড়কের পাশে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসটি জব্দ ও হেলপারকে আটক করেছে পুলিশ।
ওসি মকবুল হোসেন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।