যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাক উল্টে নিহত ১৫
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ছয়জন।
তারা ঈদ উপলক্ষে ট্রাকে করে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে যাচ্ছিলেন।
আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ শামসুল আলম সরকার ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ভোর সাড়ে ৪টার দিকে রড ও যাত্রী বোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের রডের নিচে চাপা পড়ে ১৫ জন নিহত ও ৬ জন আহত হন।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, হতাহতদের সবাই নিম্নআয়ের মানুষ। তারা ঈদ উপলক্ষে কম ভাড়ায় ট্রাকবোঝাই রডের ওপর বসে গন্তব্যে যাচ্ছিলেন। ট্রাক উল্টে যাওয়ার পর তারা রডের নিচে চাপা পড়ে মারা যান। ধারণা করা হচ্ছে, ট্রাকের চালক ঘুমিয়ে পড়ায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
এলেঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ মো. শরীফ জানান, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চলাকালে মহাসড়কে যানজটের সৃষ্টি হলেও পরে তা স্বাভাবিক হয়ে যায়। বর্তমানে মহাসড়কে যানচলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।