কুমিল্লায় খোলা ড্রেনে পড়ে শিশুর মৃত্যু
কুমিল্লা নগরীতে ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যে একটি খোলা ড্রেনে পড়ে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃত শিশুর নাম স্মৃতি। সে কালিয়াজুড়ি বদরপুর এলাকার বিল্লাল হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রোববার রাত ৯টার দিকে ছোটরা ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই সময় প্রচণ্ড বৃষ্টির কারণে এলাকার বেশ কয়েকটি সড়ক পানিতে ডুবে গিয়েছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, স্মৃতি তার মায়ের সঙ্গে বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিল। পথে সড়কের পাশে জমে থাকা পানির নিচে ঢাকা পড়া একটি ড্রেনে হঠাৎ পা পিছলে মায়ের হাত থেকে ফসকে পড়ে যায় শিশুটি। মুহূর্তেই ড্রেনের তীব্র স্রোতে সে ভেসে যায়।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ২০ মিনিট খোঁজাখুঁজির পর শিশুটিকে উদ্ধার করা হয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী সায়েম আহমেদ ভূঁইয়া ঘটনাটিকে ‘দুঃখজনক’ বলে বর্ণনা করেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, দুর্ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আমরা আমাদের দায় এড়াচ্ছি না। তবে এই ধরনের পরিস্থিতিতে নাগরিকদেরও কিছুটা সতর্ক থাকা উচিত। এই ঘটনায় আমরা শোকাহত।