চট্টগ্রামে ২ মরদেহ উদ্ধার, পুলিশ বলছে ‘সড়ক দুর্ঘটনায় নিহত’
চট্টগ্রামের বন্দর এলাকার আউটার লিংক রোড থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় সড়ক দুর্ঘটনায় তারা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেছে, তার নাম মো. আসাদুল (৪৭)।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম দ্য ডেইলি স্টারকে বলেন, রাত ৮টা ২০ মিনিটের দিকে পুলিশ আউটার লিংক রোডের ধুমপাড়া পয়েন্ট থেকে মরদেহ দুটি উদ্ধার করে। নিহত দুজনেই মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন, এ সময় অজ্ঞাত একটি যানবাহন তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, পুলিশ সংশ্লিষ্ট যানবাহনটি শনাক্ত করার চেষ্টা করছে এবং মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।