২৪ ঘণ্টায় সন্ধান মেলেনি নিকলী হাওরে গোসল করতে নেমে নিখোঁজ যুবকের

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের নিকলীর হাওরে গোসল করতে নেমে নিখোঁজ যুবকের ২৪ ঘণ্টায় সন্ধান মেলেনি।

আজ শনিবার দুপুরে নিকলীর সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদ উল্লাহ দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন উদ্ধারকর্মীরা এখনো অভিযান পরিচালনা করছেন।

গতকাল দুপুর ২টার দিকে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালকান্দি এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হন শফিকুল ইসলাম তুলু (২৮)। তার বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামে। তার বাবার নাম হাবিবুর রহমান।

পুলিশ জানিয়েছে, শফিকুল তার বন্ধুদের সঙ্গে নিকলী হাওরে বেড়াতে গিয়েছিলেন। গতকাল হাওরে লাফ দিয়ে তিনি স্রোতে তলিয়ে যান। তার বন্ধুরা সঙ্গে সঙ্গে নেমেও তার সন্ধান পাননি।

শহীদ উল্লাহ বলেন, ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল গত রাত পৌনে ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েছে। আজ সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে এখনো নিখোঁজ পর্যটকের সন্ধান পাওয়া যায়নি।

সাঁতার না জানলে হাওরে বেড়াতে গিয়ে পানিতে না নামতে পর্যটকদের প্রতি আহ্বান জানান তিনি।