নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী কৃষি কর্মকর্তার
নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চৌমুহনী-ছমিরমুন্সিরহাট সড়কের রোহিতার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আব্দুর রহমান ওরফে সুমন (৩৮) সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের আব্দুর রশীদ খানের ছেলে। তিনি বেগমগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, আজ সকালে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ করতে মোটরসাইকেলে করে চৌমুহনী পৌরসভা থেকে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের উদ্দেশে রওনা হন সুমন। এ সময় চৌমুহনী-ছমিরমুন্সিরহাট সড়কের রোহিতার পোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।