৪ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত অন্তত ১৫
নাটোর, ঝিনাইদহ, দিনাজপুর ও কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ৭ রুশ নাগরিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
অন্যদিকে কিশোরগঞ্জে সড়কের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড—তা নিয়ে তদন্ত চলছে।
নাটোরের গুরুদাসপুর উপজেলায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মী বহনকারী একটি বাসের সঙ্গে পেঁয়াজবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় রূপপুর প্রকল্পের ৭ জন রুশ নাগরিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে সংঘটিত এ দুর্ঘটনায় নিহত মো. রিমন হোসেন (১৮) নাটোর সদর উপজেলার হয়বাতপুর এলাকার বাসিন্দা।
বনপাড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, রূপপুরগামী বাসটির সঙ্গে বিপরীতমুখী পেঁয়াজবোঝাই ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার রিমন নিহত হন। উভয় গাড়ির চালক গুরুতর আহত হন।
খবর পেয়ে বনপাড়া ও গুরুদাসপুর ফায়ার সার্ভিসের সদস্যরা পুলিশকে সঙ্গে নিয়ে হতাহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
দুর্ঘটনার পর বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ট্রাকচাপায় তারিফ উদ্দিন মণ্ডল (৬৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চণ্ডীপুর এলাকার হান্নান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারিফ উদ্দিন শৈলকূপা উপজেলার চণ্ডীপুর গ্রামের বাসিন্দা।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো হাঁটতে বের হয়েছিলেন তারিফ উদ্দিন। এ সময় ঝিনাইদহ থেকে আসা একটি ১০ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গার্ডরেলে ধাক্কা দেয়। পরে ট্রাকটি পথচারী তারিফ উদ্দিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যান।
খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শী আবু বক্কর মোল্লা বলেন, ‘আমি সকালে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ছিলাম। তখন দেখি একটি ১০ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা দেয়। এরপর রাস্তার পাশে থাকা তারিফ উদ্দিনকে চাপা দিয়ে দ্রুত চলে যায়।’
ঝিনাইদহ-আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত ও জব্দের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দিনাজপুরের খানসামা উপজেলায় আজ সকাল ১০টার দিকে খানসামা-টেক্সটাইল আঞ্চলিক মহাসড়কের বিষ্ণুগঞ্জ টংগুয়া বড়বাড়ি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও গরুবাহী ভটভটির (শ্যালো ইঞ্জিনচালিত গাড়ি) মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক রসুল করিম বাবু (৩৫) নিহত ও অটোরিকশার ৫ যাত্রী আহত হয়েছেন।
নিহত রসুল করিম বাবু নীলফামারী সদর উপজেলার টুপামারী সাহাপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাসেত সরকার জানান, বিপরীত দিক থেকে আসা গরুবাহী ভটভটির সঙ্গে টেক্সটাইলগামী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই মারা যান।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে পাকেরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় একটি মামলা হয়েছে।
অন্যদিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের বিসিআইসি গোডাউনের সামনে থেকে আজ সকালে মানিক মিয়া (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মানিক মিয়া ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন এবং ঢাকায় এসএ পরিবহনের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের বড় ভাই এমদাদুল হক জানান, আজ অফিসের কাজে মানিকের রাজশাহী যাওয়ার কথা ছিল। কীভাবে বা কেন তিনি কিশোরগঞ্জে এলেন, তা তাদের জানা নেই।
তিনি বলেন, ‘আমরা এটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে দেখছি না। আমাদের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।’
কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে মানিকের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।