ধামরাইয়ে বাসের ধাক্কায় শিক্ষার্থীসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব সংবাদদাতা, সাভার

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বাস ধাক্কা দিয়ে শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার আবাসন সাহা (২৫), মানিকগঞ্জের শিবালয় উপজেলার সুজয় সাহা (১৮) এবং সাভারের পল্লীবিদ্যুৎ এলাকার সৈয়দ নাইমুল হক (৩০)। এদের মধ্যে আবাসন সাহা মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী এবং সুজয় সাহা চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় মূল লেনে একটি বাস বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। পেছন থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার ও কাভার্ড ভ্যান দাঁড়িয়ে থাকা বাসটি দেখে হঠাৎ ব্রেক করে। একই সময়ে কাভার্ড ভ্যানের পেছনে থাকা দুটি মোটরসাইকেলের চালকও তাৎক্ষণিক ব্রেক করেন। তবে মোটরসাইকেল দুটির ঠিক পেছনে থাকা দ্রুতগতির যাত্রীবাহী বাস সময়মতো নিয়ন্ত্রণ ধরে রাখতে না পেরে মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দিয়ে কিছু দূর টেনে নিয়ে যায়।

এতে প্রথম মোটরসাইকেলে থাকা আবাসন সাহা ও সুজয় সাহা মারাত্মক আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, দ্বিতীয় মোটরসাইকেলের চালক সৈয়দ নাইমুল হককে আশঙ্কাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ইনচার্জ মো. ইউসুফ আলী জানান, সকাল ৯টার দিকে নাইমুলকে আনা হয়। পরবর্তীতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

ভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।