মগবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১, আহত ৪
ঢাকার মগবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন।
নিয়ন্ত্রণ হারানো একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোটরসাইকেলে থাকা অন্তত পাঁচজন আহত হন। পরে তাদের একজন মারা যান।
রোববার রাত সাড়ে ১১টার দিকে ওয়্যারলেস মোড়ের কাছে গ্র্যান্ড প্লাজা শপিং মলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন মিয়া দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, কাভার্ড ভ্যানটি মালিবাগের দিকে যাচ্ছিল। ফ্লাইওভার থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এটি একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
তিনি বলেন, আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।