নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে যমজ ভাই-বোনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুকুরে ডুবে যমজ ভাই-বোনের মৃত্যু হয়েছে।

আজ রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চসীমুদ্দিন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো আট বছর বয়সী তানিশা ও রায়হান। তারা রাজধানীর ডেমরার বাসিন্দা শরীফ মিয়ার সন্তান। সিরাজদিখানে নানাবাড়িতে বেড়াতে এসেছিল তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, দুপুর আড়াইটার দিকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করবে।

নিহতদের নানা কাশেম মিয়া সাংবাদিকদের জানান, দুপুরে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে গিয়ে প্রথমে একজন পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে অপরজনও পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।