চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক শিশুসহ অন্তত চারজন ছররা গুলিতে আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে বাকলিয়ার মিয়াখান নগর ময়দার মিল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তালিকাভুক্ত সন্ত্রাসী মোর্শেদ খানের অনুসারীরা প্রতিপক্ষ আবদুস সোবহানের অনুসারীদের লক্ষ্য করে শটগান থেকে ছররা গুলি ছোড়ে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছোটাছুটি শুরু করেন পথচারীরা। গুলিতে মো. হাসান, জসিম, ইসমাইল মিয়া ও ফাহিম (১২) নামের চারজন আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে একজন সিএনজিচালিত অটোরিকশার চালক এবং অন্যজন ময়দার মিলের শ্রমিক। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আহত চারজনের পায়েই ছররা গুলির আঘাত রয়েছে।
অভিযুক্ত মোর্শেদ খান পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। নগর পুলিশের তৈরি করা ৩০০ সন্ত্রাসীর তালিকায় তার নাম রয়েছে। তিনি নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দিলেও দলে তার কোনো পদ নেই বলে জানা গেছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, মোর্শেদ খান দীর্ঘদিন পলাতক ছিলেন। গত ৫ আগস্টের পর তিনি এলাকায় ফেরেন। গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।