ভোলায় হাসপাতালে রোগীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নিজস্ব সংবাদদাতা, বরিশাল

ভোলা জেনারেল হাসপাতালে এক রোগীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে হাসপাতালের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক আরিফ ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গল শিকদার এলাকার বাসিন্দা। তিনি হাসপাতাল সংলগ্ন একটি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করেন বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হন ওই নারী। আজ সকালে আরিফ তাকে হাসপাতালের তৃতীয় তলায় ধর্ষণ করে।

জানতে চাইলে ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান ডেইলি স্টারকে বলেন, ঘটনাটি দুঃখজনক। অভিযুক্ত যুবককে পুলিশে দেওয়া হয়েছে।

ওসি মনিরুল ইসলাম বলেন, অভিযুক্ত যুবক প্রাথমিকভাবে ধর্ষণের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।