সীতাকুণ্ডে আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা, টাকা নিয়ে দ্বন্দ্বের অভিযোগ
চট্টগ্রামের সীতাকুণ্ডে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার মুরাদপুর ইউনিয়নের মধ্যম ভাতেরখিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ শামীম সীতাকুণ্ড পৌরসভা এলাকার আবুল মনসুরের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শামীম আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতা ছিলেন। তবে পুলিশ বলেছে, তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’ থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নিহতের ভাই মো. সেলিম জানান, গতকাল বুধবার রাত ৮টার দিকে শামীম তার শ্বশুরবাড়িতে যান। সেখান থেকে জাফর ও ইরানের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে যায়। পরে তাকে কুপিয়ে বেড়িবাঁধের তলতলা এলাকায় ফেলে রেখে যায়।
সেলিম আরও বলেন, ‘জাফর ও ইরানের সঙ্গে আমার ভাইয়ের দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই শত্রুতার সুযোগ নিয়ে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।’
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে রাত আনুমানিক ১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তি এবং হামলাকারী—উভয় পক্ষের বিরুদ্ধেই থানায় অপরাধের অভিযোগ আছে। মূলত টাকার লেনদেন নিয়ে পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।
ওসি আরও বলেন, ‘শামীমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। তার হাত ও পায়ের রগ কাটা ছিল এবং মাথায় গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে।’
এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।