মিরপুরে কিশোরীকে ধর্ষণ, অন্তঃসত্ত্বা অবস্থায় হাসপাতালে ভর্তি
রাজধানীর মিরপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ওই কিশোরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ধর্ষণের বিষয়টি সামনে আসে।
এ ঘটনায় আজ মঙ্গলবার মিরপুর মডেল থানায় মামলা করেছেন কিশোরীর মা।
এজাহারে বলা হয়, প্রতিবেশী অটোরিকশা চালক রাজু মিয়া ভয় দেখিয়ে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেছেন। সম্প্রতি মেয়েটি অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে বিষয়টি জানাজানি হয়। স্বাস্থ্য পরীক্ষায় জানা যায়, মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।
ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাহমুদুন্নবী ডেইলি স্টারকে বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি ও ওই কিশোরী একই বাড়ির ভাড়াটিয়া ছিলেন।’
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম দ্য ডেইলি স্টারকে জানান, অভিযুক্ত রাজু মিয়া (৫০) পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।