সুপ্রিম কোর্টের আপিল বিভাগও সপ্তাহে ২ দিন ভার্চুয়ালি চলবে
বিদ্যমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহের দুই দিন (বুধ ও বৃহস্পতিবার) চেম্বার জজসহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রধান বিচারপতির নির্দেশনায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীনর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট আদালতের বেঞ্চগুলোর কার্যতালিকা (কজলিস্ট) ও মিটিং আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এতে আরও বলা হয়, ভার্চুয়াল আদালতের কার্যক্রম ২০২০ সালের ‘কোর্ট কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন’ এবং ২০২০ ও ২০২১ সালে কোভিড-১৯ মহামারির সময় সুপ্রিম কোর্ট জারি করা প্র্যাকটিস ডিরেকশন অনুযায়ী পরিচালিত হবে।
এদিকে, আজ বিকেলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন প্রাঙ্গণে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন একদল আইনজীবী।
এর আগে ১৯ এপ্রিল হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নুরুল আমিন বিপ্লবের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে হাইকোর্টের বিচারকাজ সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি পরিচালনা করা হবে।