রাউজানে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা, বিচার দাবিতে সড়ক অবরোধ
চট্টগ্রামের রাউজানে ২ মাসের ব্যবধানে আরও এক বিএনপিকর্মীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।
আজ শনিবার ভোরে রাউজান পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল রাউজান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাউসারুজ্জামান (৩৬) পেশায় কৃষক ছিলেন। বাড়ির কাছেই তাকে গুলি করা হয়।
চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) বেলায়েত হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত কাউসারুজ্জামানের পরিবারে স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।
তার পরিবারের দাবি, গত দুই বছরে কাউসারুজ্জামানের ওপর একাধিকবার হামলা হয়েছে। এলাকায় অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকায় তাকে হত্যা করা হয়েছে।
পরিবার জানায়, শুক্রবার রাতে এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে যান কাউসার। সেখান থেকে ফেরার পথে ৭-৮ জন সশস্ত্র হামলাকারী তার ওপর গুলি চালায়। কাউসারের পিঠের বাম পাশে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শনিবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আবুল কালাম সাংবাদিকদের বলেন, 'আমার ছেলে বিএনপির সমর্থক ছিল। সে অন্যায়ের প্রতিবাদ করত বলে আগেও কয়েকবার তার ওপর হামলা হয়েছে। এবার তারা তাকে মেরেই ফেলল।'
এদিকে, হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শনিবার সন্ধ্যায় জঙ্গল রাউজান এলাকায় কাউসারের মরদেহ নিয়ে সড়ক অবরোধ করে স্থানীয়রা। প্রায় দুই ঘণ্টা পরে পুলিশের আশ্বাস পেয়ে তারা অবরোধ তুলে নেন।
সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) বেলায়েত হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিহতের পিঠে গুলির একাধিক ক্ষত রয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।'