দেবীগঞ্জে প্রতিমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর পোস্ট’ দেওয়া কলেজশিক্ষার্থীর জামিন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন অভিযুক্ত কলেজশিক্ষার্থী নিশাদ ইসলাম।

আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে পঞ্চগড়ের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (শিশু আদালত) বিচারক হোসাইন মো. ফজলুল বারী শুনানি শেষে তাকে জামিন দেন। 

এর আগে সাইবার সুরক্ষা আইনের মামলায় গতকাল ওই কলেজছাত্রকে গ্রেপ্তারের পর আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দেবীগঞ্জ থানায় মামলাটি করেন স্থানীয় যুবদল নেতা আব্দুস সালাম।

পরে বিষয়টি জানার পর, শিক্ষার্থী ও বয়স বিবেচনায় গতকাল রাতেই প্রতিমন্ত্রী তার জামিনের জন্য আইনি সহায়তা করেন বলে জানিয়েছে নিশাদের পরিবার।

সোনাহার টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নিশাদ দেবীগঞ্জ উপজেলার হাজিপাড়া এলাকার আশরাফুল আলমের ছেলে।

ডেইলি স্টারকে আশরাফুল আলম বলেন, ‘প্রতিমন্ত্রী নিজেই ফোনে আমাদের সঙ্গে কথা বলে ছেলেকে ক্ষমা করার কথা জানান ও ছেলের ভবিষ্যতের কথা ভেবে জামিনের জন্য সম্ভাব্য সকল আইনি সহায়তা প্রদানের আশ্বাস দেন।’

মামলার বাদী আব্দুস সালাম বলেন, ‘দলের নেতাকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় মামলা করেছিলাম। তবে প্রতিমন্ত্রী তাকে ক্ষমা করায় জামিনে আমি কোনো আপত্তি করিনি।’

আইনজীবী মোস্তাফিজুর রহমান মিলন ডেইলি স্টারকে জানান, এজাহারে বয়স ২০ বছর উল্লেখ থাকলেও কাগজপত্র যাচাই করে দেখা যায়, নিশাদের বয়স ১৮ বছরের কম। 

এ কারণে মামলাটি নারী ও শিশু আদালতে স্থানান্তর করা হয়। পরে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

সন্ধ্যার পর কারাগার থেকে মুক্তি পান তিনি। 

গত শুক্রবার নিজের ফেসবুক আইডিতে প্রতিমন্ত্রীর সংসদে দেওয়া বক্তব্যের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে আপত্তিকর মন্তব্য লেখেন নিশাদ।