ঢাকা থেকে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ হবিগঞ্জে উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার

রাজধানী থেকে চারদিন আগে নিখোঁজ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ফরহাদ হোসেন ওরফে মাহির (২৩) অর্ধগলিত মরদেহ হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

নিহত ফরহাদ ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উত্তরা শাখার শিক্ষার্থী ছিলেন। পুলিশ জানিয়েছে, তিনি ঢাকার উত্তরখানের বাসিন্দা।

ফরহাদের ভাই আরিফ হোসেন জানান, গত ৩০ এপ্রিল রাতে বাসা থেকে বের হওয়ার পর ফরহাদ নিখোঁজ হন। এরপর তার পরিবার স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

হবিগঞ্জের মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মাধবপুর উপজেলার আনন্দউড়া ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে মৃদুল সরকার (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার বাড্ডা থানা ও মাধবপুর থানা পুলিশের একটি যৌথ দল অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করে।

ওসির ভাষ্যমতে, প্রাথমিক তদন্তে জানা গেছে যে নিখোঁজের দিন সন্ধ্যায় ফরহাদকে আফতাবনগর এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে নির্যাতনের পর হত্যা করা হয়।

পুলিশের ধারণা, অপরাধ গোপন করার উদ্দেশ্যে ১ মে মরদেহটি নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া হয়ে মাধবপুরে নিয়ে এসে ফেলে দেওয়া হয়।

ওসি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ হিসেবে ব্যক্তিগত বিরোধ, বিশেষ করে পরকীয়া প্রেম সংক্রান্ত কোনো বিষয় থাকতে পারে বলে পুলিশ সন্দেহ করছে। তবে বিষয়টি এখনও তদন্তাধীন।

মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছিল। পরীক্ষা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।