গাজীপুরে গরু চুরির অভিযোগে ৩ জনকে পিটিয়ে হত্যা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এসময় ক্ষুব্ধ জনতা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।
আজ রোববার ভোররাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। আমীন (৪০) নামের ওই ব্যক্তি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। বাকি দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
কালিয়াকৈর থানার ইনস্পেক্টর (অপারেশন) মো. রবিউল ইসলাম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধারে পুলিশের একটি দল ঘটনাস্থলে কাজ করছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ গরু চোর চক্র পিকআপ ভ্যানযোগে বাগচালা এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা আশপাশের লোকজনকে ডাক দেন। পরে এলাকাবাসী ধাওয়া করে তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’