১০ মামলাতেই আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর ১০টি মামলার জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৯ নভেম্বর আইভীকে পাঁচটি মামলায় জামিন দিয়েছিলেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ পাঁচটি আবেদন করেছিল। ওই আবেদনগুলো আজ খারিজ করেছেন আপিল বিভাগ। এ ছাড়া আরও পাঁচটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে চেম্বার বিচারপতির দেওয়া আদেশও বাতিল করা হয়েছে।
এর ফলে মোট ১০টি মামলায় হাইকোর্ট থেকে পাওয়া আইভীর জামিন কার্যকর থাকছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফাতিমা আক্তার এবং আইভীর আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু ও এস এম হৃদয় রহমান।
আইনজীবী মোতাহার হোসেন বলেন, আপিল বিভাগের এই আদেশের ফলে সেলিনা হায়াৎ আইভীর কারাগার থেকে মুক্তিতে আর আইনি বাধা থাকল না।
আপিল বিভাগ একই সঙ্গে হাইকোর্টকে একটি নির্দেশ দিয়েছেন। গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট পাঁচটি মামলায় আইভীকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রাষ্ট্রপক্ষের প্রতি রুল জারি করেছিলেন। সেই রুলগুলো নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
পোশাকশ্রমিক মিনারুল হত্যা মামলায় গত বছরের ৯ মে গ্রেপ্তার হন সেলিনা হায়াৎ আইভী। পরে তাকে আরও ৯টি ফৌজদারি মামলায় গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানো হয়।
পরবর্তী সময়ে আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৯ নভেম্বর এবং চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট এই ১০টি মামলাতেই তাকে জামিন দেন।
তবে আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট পাঁচটি মামলায় জামিন দেওয়ার পরপরই আইভীকে নতুন করে আরও দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সেলিম মণ্ডল ও আবদুস সালাম হত্যার ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলা দুটি করা হয়েছিল।
গত ৩০ এপ্রিল হাইকোর্ট ওই দুটি মামলায় আইভীকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রাষ্ট্রপক্ষের প্রতি পৃথক দুটি রুল জারি করেন।
পরে এই দুই মামলার জামিন আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদন দুটি বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন রয়েছে।