বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

স্টার অনলাইন রিপোর্ট

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে করা দুর্নীতি মামলার  সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে মামলার বাদী দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম সাক্ষ্য দেন।

তার সাক্ষ্য শেষে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২০ মে দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী সোহানুর রহমান।

আজ শুনানিতে বেনজীরের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

অবৈধ সম্পদ অর্জন, তথ্য গোপন ও অর্থ পাচারের অভিযোগে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর ঢাকায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করা হয়।

গত ৩ মে বেনজীরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৭ আগস্ট সম্পদ বিবরণী জমা দেন বেনজীর আহমেদ। ওই বিবরণীতে তিনি ৬ কোটি ৪৫ লাখ টাকার স্থাবর সম্পদ ও ৫ কোটি ৭৪ লাখ টাকার অস্থাবর সম্পদের তথ্য দেন।

তবে দুদকের তদন্তে দেখা যায়, তার প্রকৃত স্থাবর সম্পদের পরিমাণ ৭ কোটি ৫২ লাখ টাকা, অর্থাৎ তিনি প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকার স্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া তার অস্থাবর সম্পদের পরিমাণ পাওয়া যায় ৮ কোটি ১৫ লাখ টাকা, যা তার ঘোষণার তুলনায় ২ কোটি ৪০ লাখ টাকা বেশি। সব মিলিয়ে দুদক প্রায় ১১ কোটি ৪ লাখ টাকার  জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে।