সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে ২৮৮০ কেজি সরকারি চাল জব্দ
নোয়াখালীর সুবর্ণচরে এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৬ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন।
আজ শনিবার বিকেলে উপজেলার চরজব্বার ইউনিয়নে স্থানীয় ওয়ার্ড জামায়াতের আমির আবদুস সামাদ ওরফে ডাক্তার সামাদের বাড়ি থেকে চালগুলো উদ্ধার করা হয়।
খাদ্য অধিদপ্তরের এসব বস্তায় ৩০ কেজি করে চাল থাকে। সে হিসাবে জব্দ চালের পরিমাণ মোট ২ হাজার ৮৮০ কেজি।
সু্বর্ণচরের উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের অভিযোগ, আবদুস সামাদের বাড়িতে সরকারি চাল মজুদ করে বেশি দামে বিক্রি করা হচ্ছিল।
শনিবার সকালে এলাকাবাসী চালের বস্তা দেখতে পেয়ে প্রশাসন ও পুলিশকে জানায়।
খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে ওই বাড়িতে অভিযান চালিয়ে ৯৬ বস্তা চাল জব্দ করে ইউনিয়ন পরিষদে রাখা হয়।
এ বিষয়ে অভিযুক্ত আবদুস সামাদ ডেইলি স্টারকে বলেন, 'চালগুলো আমার ছোট ভাইয়ের। তিনি একজন ডিলার। নূরানী মাদরাসায় সরকারি বরাদ্দের চাল তিনি কিনে এনেছেন। পরে সেগুলো বাড়িতে রাখা হয়।'
যোগাযোগ করা হলে জেলা জামায়াত আমির ইসহাক খন্দকার ডেইলি স্টারকে বলেন, 'চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে সত্য, তবে চালগুলো তার ভাইয়ের। জামায়াত নেতার ওপর দায়ভার বর্তায় না,' বলেন তিনি,
ইউএনও আকিব ওসমান বলেন, 'স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে চালগুলো জব্দ করা হয়েছে। চাল কেনার কাগজপত্র বৈধ কি না, যাচাই করা হচ্ছে। প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
তিনি আরও বলেন, 'খাদ্য অধিদপ্তরের সিল দেওয়া সরকারি চাল এভাবে কারও বাড়িতে গুদামজাত করে রাখার সুযোগ নেই। বিষয়টি আইনসিদ্ধ নয়।'