বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন।

আজ রোববার সকাল ১০টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তসংলগ্ন ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভালুকিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন—অংক্যমং তংচংগ্যা (৪৫), চিংক্ষং চাকমা (৪৪) ও চোপোচিং চাকমা (৪৭)। তারা ঘুমধুম ইউনিয়নের বালুখালী (ভালুকিয়া) পাড়ার বাসিন্দা ছিলেন। 

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান বলেন, ‘ঘুমধুম ইউনিয়নে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হওয়ার খবর পেয়েছি। তবে কে মাইন পুঁতেছিল তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে জানা গেছে, সীমান্তের নো-ম্যানস-ল্যান্ড এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’