ধূমপানে নিষেধ করায় নোয়াখালীতে ‘হেলমেট বাহিনীর’ এলোপাতাড়ি গুলি

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

বয়োজ্যেষ্ঠদের সামনে সিগারেট খেতে নিষেধ করায় নোয়াখালীর সোনাইমুড়ীতে হেলমেট পরা একদল যুবক এলোপাতাড়ি গুলিবর্ষণ করেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অন্তত ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে গুলিবিদ্ধ দুজনের অবস্থা গুরুতর। তাদেরকে নোয়াাখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও শনিবার সকাল পর্যন্ত সন্দেহভাজন কাউকে আটক করতে পারেনি।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মাসুদ হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে সোনাইমুড়ীর পার্শ্ববর্তী দেওটি ইউনিয়নের পালপাড়া গ্রামের রেদোয়ান (২০) ও রাশেদসহ (২২) চার-পাঁচজন যুবক নোয়াগাঁও চৌরাস্তার মোড়ে আসেন। সেখানে তারা ধূমপান করছিলেন। স্থানীয় লোকজন তাদেরকে সেখানে ধূমপান করতে নিষেধ করেন। এতে তারা হুমকি দিয়ে সেখান থেকে চলে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘটনার জেরে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে রেদোয়ান ও রাশেদের নেতৃত্বে ৫-৬টি মোটরসাইকেলে করে হেলমেট পরা ৮-১০ জন যুবক নোয়াগাঁও চৌরাস্তার মোড়ে আসেন। মোটরসাইকেল থেকে নেমেই তারা সাধারণ মানুষের দিকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন।

হামলাকারীরা গুলি ছুড়তে ছুড়তে দেওটি ইউনিয়নের দিকে পালিয়ে যান বলে জানান স্থানীয় লোকজন।

আহতদের মধ্যে চারজনকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুজনকে নোয়াাখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের জ্যেষ্ঠ স্টাফ নার্স কামাল হোসেন জানান, গুলিবিদ্ধ অবস্থায় আশিক (২২) ও নাঈম (১৯) নামের দুই যুবককে শুক্রবার রাত ১০টা ৫৫ মিনিটের দিকে হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে আশিকের পিঠসহ শরীরের বিভিন্ন অংশে ছররা গুলি লেগেছে। অপর যুবক নাঈম হাসানের হাঁটুর নিচে বুলেট বিদ্ধ হয়েছে। তাদেরকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

গুলি চালানোর খবর পেয়ে সোনাইমুড়ী থানার ওসি মো. কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে একটি বুলেটের খোসা উদ্ধার করেছে। ওসি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।