জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে যুবক নিহত

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা ও চাচাতো ভাইদের হামলায় এক যুবক নিহত হয়েছেন। হামলায় নিহতের মা ও ভাইসহ আরও ৩ জন আহত হয়েছেন।

আজ শনিবার দুপুরে উপজেলার ধওলাই গ্রামে এ ঘটনা ঘটে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল জলিল (৩৫) ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল জলিলের সঙ্গে তার চাচা আব্দুর রাজ্জাক, আশরাফ আলী ও চাচাতো ভাই সাদ্দাম হোসেনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। 

বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা হলেও বিরোধ নিষ্পত্তি হয়নি। জলিল সম্প্রতি ঢাকা থেকে বাড়িতে ফেরার পর উভয়পক্ষের মধ্যে বিরোধ নতুন করে তীব্র হয়।

শনিবার দুপুরে জমির সীমানা ও মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয়রা জানায়, আব্দুর রাজ্জাক, সাদ্দাম হোসেনসহ কয়েকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আব্দুল জলিল ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে পড়ে যান জলিল। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার মা, ভাইসহ আরও ৩ জন আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জলিলকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি রমজান আলী বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।'