গোপালগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে কওমি মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত মুস্তাফিজুর রহমানের (৬০) বাড়ি কাশিয়ানী উপজেলার রামদিয়া গ্রামে। তিনি ওই এলাকার একটি মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম (প্রধান)।

তার বিরুদ্ধে শিশুটির মা বাদী হয়ে গতকাল শনিবার কাশিয়ানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানান কাশিয়ানি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান।

পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ জুন সকাল পৌনে ১১টার দিকে মাদ্রাসার টিফিন চলাকালে অভিযুক্ত শিক্ষক শিশুটিকে তার অফিস কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন।

এর আগেও একাধিকবার প্রথম শ্রেণির ওই শিশুটিকে অভিযুক্ত শিক্ষক ধর্ষণ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়। বিষয়টি কাউকে জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

শিশুটির মা দ্য ডেইলি স্টারকে বলেন, গত শুক্রবার (২৬ জুন) বিকাল ৩টার দিকে আমার মেয়ে বাথরুমে কান্নাকাটি করার পর রান্নাঘরে এসে বলে, ‘মা, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, আমি খুব কষ্ট পাচ্ছি।’ গত তিন মাস ধরে তাকে নির্যাতন করেছে ওই শিক্ষক।   

শিশুটির মা আরও বলেন, মাদ্রাসার ওই শিক্ষক আমার মেয়েকে হুমকি দিয়েছেন, ‘যদি কাউকে কিছু বলিস, তাহলে এই লাঠি দিয়ে তোর মাথা ফাটিয়ে মেরে মাদ্রাসার পাশের কবরস্থানে পুঁতে দেব।’ তাই ভয়ে এতদিন মেয়ে কিছু বলেনি। কিন্তু শুক্রবার কষ্ট সহ্য করতে না পেরে আমাকে বলেছে। আমি অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই। 

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, মাদ্রাসার এক শিশুকে ধর্ষণের ঘটনায় শনিবার মামলা দায়ের করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দিনই আসামি মাওলানা মুস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।