মাদক চোরাকারবারির আর্জেন্টিনার জার্সি এআই দিয়ে বদলে ব্রাজিল, এসআইকে শোকজ
বরিশালে গ্রেপ্তার মাদক চোরাকারবারির আর্জেন্টিনার জার্সি পরা ছবি এআইয়ের মাধ্যমে বদলে ব্রাজিলের জার্সি হিসেবে উপস্থাপনের দায়ে এক উপপরিদর্শককে (এসআই) কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।
বিএমপি কমিশনার মো. আশিক সাঈদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শোকজ নোটিশ পাওয়া এসআই তানজিল আহমেদকে বিএমপির মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিচালনার দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সোমবার বিকেলে বরিশাল নগরীর মোহাম্মদপুর কলোনি এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ মাদক চোরাকারবারি রাসেল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় রাসেল আর্জেন্টিনার জার্সি পরা ছিলেন। পরে কাউনিয়া থানা পুলিশ তার জার্সিটি উল্টো করে পরিয়ে একটি ছবি তুলে বিএমপির মিডিয়া সেলে পাঠায়। এরপর মিডিয়া সেলের দায়িত্বে থাকা এসআই তানজিল এআই দিয়ে ছবিটি ডিজিটালভাবে সম্পাদনা করেন। এতে আর্জেন্টিনার জার্সির পরিবর্তে ব্রাজিলের জার্সি দেখিয়ে ছবিটি গণমাধ্যমে ই-মেইল এবং সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো হয়।
ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে প্রকৃত ছবি বিএমপির মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ই-মেইলের মাধ্যমে গণমাধ্যমের কাছে পাঠানো হয়।
বিএমপি কমিশনার বলেন, 'এসআই তানজিলকে আহমেদকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।'
‘প্রাথমিকভাবে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তার দাবি, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে আলোচনার জন্ম দিতে পারে—এমন চিন্তা থেকেই তিনি ছবিটি পরিবর্তন করেছিলেন। তবে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং বিভাগীয় বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে,’ বলেন তিনি।