মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত আরও ১

স্টার অনলাইন রিপোর্ট

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের সঙ্গে জাপানের খেলার দিন সংঘটিত বিবাদের জেরে শালিস বৈঠকের সময় রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির ২ নেতাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে এবং তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ ঘটনায় নবোদয় হাউজিং ইউনিট বিএনপি সভাপতি মো. সাদ্দাম ও সাধারণ সম্পাদক মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে গুরুতর আহত করা হয় এবং তাদের মধ্যে বাদশা মারা গেছেন।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, গত সোমবার নবোদয় হাউজিংয়ে ফুটবল খেলা দেখার পর স্থানীয় কিছু ছেলে ঢোল বাজিয়ে হই-হুল্লোড় করতে থাকে। এ সময় আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমান নবোদয় বাজারের ব্যবসায়ী মজনুর ছেলে রিপনকে থাপ্পড় দেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে রিপনের পরিবার ও হাবিবুর রহমানের পরিবারের মধ্যে বিবাদ হয়। ঘটনা মীমাংসার জন্য বুধবার নবোদয় বাজারে শালিস বসানো হয়। শালিস চলাকালে হাবিবুর রহমানের পক্ষের কয়েকজন সাদ্দাম ও বাদশাকে কুপিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনার পর স্থানীয়রা গুরুতর অবস্থায় সাদ্দাম ও বাদশাকে দ্রুত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে বাদশাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ওসি বলেন, ‘শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকরা বাদশাকে মৃত ঘোষণা করেন।’

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ওসি জাহিদুল ইসলাম জানান, অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।