ঘুমন্ত বাবাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘুমন্ত বাবাকে শিল-পাটা দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামে আজ শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত উত্তম দেবনাথ (৬০) পেশায় দিনমজুর ছিলেন। ঘটনার পর অভিযুক্ত ছেলে তাপস দেবনাথকে হেফাজতে নিয়েছে পুলিশ।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতের খাবার শেষে উত্তম ও তার ছেলে তাপস একই ঘরে ঘুমাতে যান। নিহতের স্ত্রী কানন বারান্দার ঘরে ঘুমাচ্ছিলেন।
ভোর ৪টার দিকে তাপস ঘুম থেকে উঠে ঘরে থাকা শিল-পাটা নিয়ে ঘুমন্ত বাবার কপালে আঘাত করেন। স্বামীর চিৎকার শুনে বারান্দায় ঘুমিয়ে থাকা কানন ঘরে এসে চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে ঘরে উত্তমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।
বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মোশারেফ হোসেনকে জানালে সকাল ৭টার দিকে তিনি মির্জাগঞ্জ থানা পুলিশকে জানান। খবর পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও অভিযুক্ত ছেলে তাপস দেবনাথকে আটক করে।
ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, 'স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। অভিযুক্ত তাপসকে হেফাজতে নেওয়া হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।'