দিনে-দুপুরে কক্সবাজারে বাস ডাকাতি, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় বিকাশের তিন বিক্রয় প্রতিনিধির কাছ থেকে প্রায় ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। তাদের একজনকে ছুরিকাঘাত ও অন্য দুজনকে মারধর করা হয়।

আজ রোববার দুপুর পৌনে ২টার দিকে টেকনাফ উপজেলার দমদমিয়া এলাকার ১৪ নম্বর সেতুর কাছে এ ঘটনা ঘটে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ছুরিকাঘাতে আহত হন আরমান (২৪), বাকি দুজন—সাকিব (২১) ও একরাম (২২)। তারা সবাই বিকাশের বিক্রয় প্রতিনিধি (এসআর) ও টেকনাফ পৌরসভার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, টেকনাফ থেকে কক্সবাজারের উদ্দেশে যাওয়ার পথে পেরেক লাগানো একটি বড় গাছের গুঁড়ি ফেলে পালকি পরিবহনের বাসটির পথরোধ করা হয়।

এরপর মুখোশধারী একদল সশস্ত্র ডাকাত অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে বাসে তল্লাশি ও লুট চালায়।

ওসি সাইফুল ইসলাম বলেন, ‘ডাকাতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিকাশ প্রতিনিধিদের তথ্যমতে, তাদের কাছ থেকে ৫৭ লাখ টাকা লুট করা হয়েছে। তারা টেকনাফ সীমান্ত ব্যাংক থেকে টাকা উত্তোলন করে হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের এজেন্টদের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন।’

তিনি আরও বলেন, ‘ছুরিকাঘাতে আহত ব্যক্তিতে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ডাকাতির সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

বর্তমানে ঘটনাস্থল এলাকায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ড মোতায়েন রয়েছে। ডাকাতদের পাহাড়ি আস্তানা শনাক্ত, লুট হওয়া টাকা উদ্ধার ও জড়িতদের আইনের আওতায় আনতে যৌথ অভিযান শুরু করা হচ্ছে বলেও জানান ওসি।

ছবি: সংগৃহীত