আশুলিয়ায় স্কুলশিক্ষার্থীকে অপহরণের অভিযোগে এনসিপি নেতাসহ গ্রেপ্তার ২

নিজস্ব সংবাদদাতা, সাভার

ঢাকার আশুলিয়ায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন—তৌহিদুল ইসলাম সানভি ও তার বন্ধু নাজিম। সানভি এনসিপির আশুলিয়া থানা কমিটির প্রচার সম্পাদক।

গ্রেপ্তারের পর আজ বুধবার তাদের ঢাকা চিফ জুডিশিয়াল আদালতে পাঠানো হয়।

তবে এ ঘটনার প্রধান অভিযুক্ত শাকিল (২৩) এখনো পলাতক।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গত ১০ আগস্ট দুপুরে ওই ছাত্রী স্কুল থেকে ফেরার পথে তাকে অপহরণ করা হয় বলে গতকাল মঙ্গলবার থানায় মামলা করেন ওই ছাত্রীর মা। তিনি শাকিল নামে এক যুবকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত সহযোগীদের বিরুদ্ধে মামলা করেন।'

'মামলা তদন্ত করতে গিয়ে ঘটনার সঙ্গে তৌহিদুল ইসলাম সানভি ও নাজিম নামের দুজনের সম্পৃক্ততা পাওয়া যায়। পরে তাদের দুজনকে রাতেই গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তারা ঘটনার কথা স্বীকার করেন। পরে মামলাটিতে তাদের দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়,' বলেন তিনি।

ওই স্কুলশিক্ষার্থীকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারসহ প্রধান অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।

এজাহারে বলা হয়, শাকিল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ওই মেয়েকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল। সোমবার দুপুর সোয়া ২টার দিকে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে তার মা জানতে পারেন, স্কুলগেটের সামনে থেকে শাকিল ও তার সহযোগীরা মেয়েটিকে অপহরণ করে নিয়ে গেছে।

সানভির বিষয়ে এনসিপির আশুলিয়া থানা শাখার প্রচার সম্পাদক মনজুরুল ইসলাম মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'সানভিকে পুলিশ ধরেছে, এটা প্রেমঘটিত বিষয়। একটা সংগঠনে থাকলেও তো মানুষের কিছু ব্যক্তিগত বিষয় থাকতে পারে। এটা তার ব্যক্তিগত বিষয়।'

'তারপরও আমরা সংগঠনের পক্ষ থেকে এ ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছি। অপহরণের সঙ্গে সানভির সম্পৃক্ততার প্রমাণ মিললে, অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে,' বলেন তিনি।