চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১ ভারতীয়সহ ৫ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে পাঁচজনকে পুশ-ইন করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, আজ বুধবার ভোর ৬টার দিকে জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে তাদের পুশ-ইন করা হয়।

পরবর্তীতে বেনীপুর গ্রামের আলমের তিনরাস্তা নামক স্থানে অবস্থানকালে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা স্থানীয় ২ যুবককেও গ্রেপ্তার করা হয়। পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠিয়েছে।

পুলিশ জানায়, পুশ-ইন করা পাঁচজনের মধ্যে চারজন বাংলাদেশি নাগরিক এবং পঞ্চম ব্যক্তি নিজেকে ভারতের কলকাতার বাসিন্দা বলে দাবি করেছেন। তাদের সঙ্গে ছিলেন স্থানীয় ২ দালাল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—ভারতের হাওড়া জেলার রাজাপুর থানার সুতায়পুর গ্রামের রায়হান হোসেন (২০), বাগেরহাটের শরণখোলা উপজেলার খুন্তাকাটা গ্রামের আ. শুকুর খান (২৪), চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার মোল্লাভর গ্রামের মোছা. নয়ন আক্তার (২১), মৌলভীবাজার সদর থানার মোজফফরাবাদ গ্রামের শারমিন আক্তার রুমি (২৪) ও তার চার বছরের মেয়ে হামিদা। এ ছাড়া, তাদের সঙ্গে থাকা বেনীপুর ঘোষপাড়ার হাসিবুর রহমান হাসিব (২০) ও মাঠপাড়ার আসমাউল হোসেনকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ‘অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করায় ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশের ১১(১)(গ) ধারায় মামলা করে তাদের আদালতে পাঠানো হয়েছে।’

মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রফিকুল আলম জানান, ‘বিষয়টি শুনেছি। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।’