খুলনায় স্কুলের ওয়াশরুম থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় ছাত্রীকে উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, খুলনা

খুলনার দিঘলিয়া উপজেলায় একটি স্কুল ছুটি হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর ওয়াশরুম থেকে এক ছাত্রীকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বর্তমানে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ওই শিক্ষার্থীর চিকিৎসা চলছে।

আজ শুক্রবার দুপুরে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসেন মাসুম দ্য ডেইলি স্টারকে জানান, পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে, ইতোমধ্যে ওই শিক্ষার্থীর সঙ্গে কথা হয়েছে।

‘ওই শিক্ষার্থী পুলিশকে জানিয়েছে, ওয়াশরুমে ঢোকার সময় পেছন থেকে কেউ তার মাথায় আঘাত করে, মুখ চেপে ধরে এবং নাকে কিছু একটা স্প্রে করে। এরপর সে কিছুটা অচেতন হয়ে পড়ে,’ বলেন মাসুম।

সূত্র জানিয়েছে, গাজীরহাট হাজী নাঈম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ওই শিক্ষার্থী বিদ্যালয় প্রাঙ্গণে একজন শিক্ষকের কাছে প্রাইভেট পড়তো। স্কুল ছুটির পরে সে প্রাইভেট পড়ার জন্য অপেক্ষা করছিল। এক পর্যায়ে সে ওয়াশরুমে যায়, তখন এই ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি জানিয়েছেন, দুপুর ২টার দিকে স্কুল ছুটি হয়। এরপর শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণ ছেড়ে চলে যায়। কয়েকজন নির্মাণশ্রমিক স্কুল প্রাঙ্গণে কাজ করছিলেন। সন্ধ্যা ৭টার দিকে তারা একটি ওয়াশরুমের ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পান।

তারাই তালা ভেঙে ওই শিক্ষার্থীকে উদ্ধার করেন। দরজা খুলে তারা দেখেন, শিক্ষার্থীর হাত, পা ও মুখ বাঁধা। শ্রমিকরাই তাকে স্থানীয় চিকিৎসকের চেম্বারে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে স্বজনেরা তাকে হাসপাতালে ভর্তি করেন, জানান মৃণাল।

মাসুম আরও বলেন, ‘জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’