হবিগঞ্জে মুরগি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার

হবিগঞ্জের বাহুবল উপজেলায় সায়েদ মিয়া (৪০) নামে এক মুরগি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শনিবার সকালে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সায়েদ মিয়ার বাড়ি উপজেলার চরগাঁও গ্রামে। তার বাবার নাম আমজাদ মিয়া। গত রাত সাড়ে ১১টার দিকে হারহারিয়া গ্রামে তাকে হত্যা করা হয়।

রুহুল আমিন বলেন, ‘লালটিলা এলাকায় তার মুরগির খামার থেকে বাড়ি ফেরার পথে একটি নির্জন স্থানে দুর্বৃত্তদের হামলায় সায়েদ গুরুতর আহত হন। পরবর্তীতে সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দাদের তথ্যের ভিত্তিতে তার মরদেহ উদ্ধার করা হয়।’

‘ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালছে,’ বলেন তিনি।