থানা থেকে লুট হওয়া পিস্তল-গুলি মিলল মসজিদে

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি থানার পাশের মসজিদ থেকে উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে আড়াইহাজার বাজার মসজিদ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানিয়েছে।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'মসজিদের দ্বিতীয় তলার একটি তাকের ওপরে একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি দেখতে পান মসজিদের ইমাম। তিনি পুলিশকে খবর দিলে সেখানে গিয়ে সেসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।'

'থানায় গিয়ে সেসব অস্ত্র ও গুলি রাখার পর সেগুলো গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হয়েছিল বলে শনাক্ত করা হয়েছে। পুলিশের ধারণা গতকাল শুক্রবার জুমার নামাজের সময় কেউ এসব অস্ত্র ও গুলি মসজিদে রেখে গেছেন। মসজিদে কোনো সিসিটিভি নেই। কে বা কারা অস্ত্র-গুলি রেখে গেছে সে বিষয়ে তদন্ত চলছে,' বলেন তিনি।

যোগাযোগ করা হলে আড়াইহাজার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো. নাসির উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'শুক্রবার মাগরিবের নামাজের পর স্থানীয় এক যুবক আমাকে জানান যে তিনি দ্বিতীয় তলায় কোরআন শরিফ রাখার তাকে পিস্তল ও গুলি দেখেছেন। পরে সেখানে গিয়ে পিস্তল ও গুলি দেখতে পাই। রাতেই থানায় জানানোর জন্য গেলে ওসিকে না পেয়ে ফেরত আসি। পরে আজ দুপুরে পুলিশ এসে গুলি, পিস্তল ও ম্যাগাজিন নিয়ে যান।'

তিনি আরও বলেন, 'এর আগেও অনেকে আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্র, গুলি ও হ্যান্ডকাফ অনেকে মসজিদে এসে জমা দিয়ে গিয়েছিলেন। যেগুলো পরে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছিল।'

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে বিকেলে আড়াইহাজার থানা হামলা ও লুটপাট হয়। সে সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি লুট হয় বলে জানান পুলিশ কর্মকর্তা তারেক আল মেহেদী।